ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সাম্প্রতিক বিতর্কের মধ্যে এক বিস্ফোরক দাবি করেছেন জার্মান মডেল লিজলাজ। তার দাবি, কোহলির বিরুদ্ধে নেতিবাচক কথা বলার জন্য কিছু সংবাদকর্মী তাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন।
সম্প্রতি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিজলাজের একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এ ঘটনার রেশ ধরে ‘ফিল্মিমন্ত্র মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিজলাজ জানান, বেশ কিছু সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করে কোহলির নামে মিথ্যা অভিযোগ তোলার জন্য প্ররোচিত করার চেষ্টা করেছে।
সাক্ষাৎকারে লিজলাজ বলেন, ‘কিছু সাংবাদিক আমাকে টাকার অফার পর্যন্ত দিয়েছিলেন, যাতে আমি তার (বিরাট কোহলি) সম্পর্কে খারাপ কথা বলি এবং এমন সব অভিযোগ করি যা তিনি কখনোই করেননি। কিন্তু আমি কেন তা করতে যাব?’
এই জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা আরও জানান, কোহলি তার প্রিয় ক্রিকেটার। টাকা বা সস্তা প্রচারের জন্য কারো সম্মানহানি করার কোনো ইচ্ছা তার নেই।
