Thursday, May 28, 2026

অটোরিক্সায় এসে জামায়াত কর্মীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু মিয়ার বাড়ি সংলগ্ন সড়কে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহিন নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা পুনরায় গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  রীতি ভেঙে মুজতাবা খামেনির এক্স অ্যাকাউন্টে নীল টিক

পরে স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরেফিন শিহাব বলেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা ধারণা করছি। গুলিবিদ্ধ মাহিনকে ঢাকায় রেফার করা হয়েছে।’

আরও পড়ুনঃ  ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে যা জানা গেলো

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হাসান আল মুলক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছি।’

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তার কোন রাজনৈতিক পরিচয় আমাদেরকে কেউ জানায়নি। এছাড়াও কারা গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ