প্রায় আড়াই বছর ধরে জাতীয় দলের বাইরে, এরপরও ব্রাজিলের জার্সিতে আরেকটা বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা বারবারই জানিয়েছেন নেইমার। কিন্তু নেইমারের সেই আশার পালে গতকাল সোমবার বড় ধাক্কা লেগেছে। আসন্ন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারকে স্কোয়াডে রাখেননি কার্লো আনচেলত্তি।
নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট নন। ওদিকে হতাশ হলেও এখনই হাল ছাড়ছেন না বলে জানিয়েছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা রহস্যের জন্ম দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে। সেই পোস্টে দুটি ছবি যোগ করে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘জোয়াও ১৩:৭।’
এই পোস্টের মাধ্যমে নেইমার কী বোঝাতে চাইলেন? জোয়াও ১৩:৭ মানেই বা কী? এটি মূলত বাইবেলের গসপেল অব জনের অংশ। গসপেল অব জনের ১৩ অধ্যায়ের ৭ নম্বর ভার্সে বলা হয়েছে, ‘যীশু উত্তর দিলেন, “আমি এখন যা করছি তুমি তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝতে পারবে।”’
তাহলে কি নেইমার ইঙ্গিত দিলেন, আনচেলত্তি তাঁকে বুঝতে পারছেন না? কারণ ব্রাজিল স্কোয়াডে নেইমারকে না রাখা প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার এখনো শতভাগ ফিট নয়, তাই ওকে দলে রাখা হয়নি। যদি ও শারীরিকভাবে শতভাগ ফিট হতে পারে, তাহলে (বিশ্বকাপে) ওর সুযোগ আছে। ও বিশ্বকাপে খেলতেও পারে। ওকে কাজ চালিয়ে যেতে হবে, খেলতে হবে। নিজের সামর্থ্য দেখাতে হবে এবং ভালো ফিটনেস ধরে রাখতে হবে।’
অন্যদিকে নেইমার জানিয়েছেন, তিনি প্রতিদিন অনুশীলনে, ম্যাচে নিজেকে নিংড়ে দিচ্ছেন বিশ্বকাপ খেলার আশাতেই। নেইমারের ভাষায়, ‘আমার লক্ষ্য একই আছে— প্রতিদিন, প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচে… আমরা আমাদের লক্ষ্য অর্জন করব, এখনও তো চূড়ান্ত দল বাকি।’
যে লক্ষ্যে নিজেকে গড়ে তুলছেন, আনচেলত্তি সেটার মূল্যায়ন করেননি বলে হতাশ হয়েই কি তবে এমন পোস্ট করলেন নেইমার!
