ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের গুদামে হামলার পর রাজধানী তেহরানের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এর মধ্যে শহরের বাসিন্দারা একটি অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন—আকাশ থেকে ঝরছে ‘কালো বৃষ্টি’। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সকালে প্রায় এক কোটি বাসিন্দা এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিনিধি ফ্রেড প্লিটজেন পরিস্থিতি বর্ণনা করে জানান, বৃষ্টির পানির রং কালচে দেখাচ্ছে। তার মতে, এটি তেলমিশ্রিত বা কোনোভাবে দূষিত পানির মতো মনে হচ্ছে।
রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। প্লিটজেন বলেন, হামলার পর থেকেই রাজধানীতে তেলমিশ্রিত বৃষ্টির মতো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিচ্ছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকের জন্য জ্বালানি সরবরাহ করা হয়। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
নিউজ এক্সের তথ্য অনুযায়ী, হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা ‘কালো বৃষ্টি’ নামে পরিচিত এই অস্বাভাবিক পরিস্থিতির কথা জানিয়েছেন।
উল্লেখ্য, ‘কালো বৃষ্টি’ ঝরার সেই ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
সূত্র: নিউজ এক্স
