Friday, September 18, 2026

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ হুবহু সুপারিশে একমত সংসদীয় বিশেষ কমিটি

আরও পড়ুন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এ ছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি।

বিশেষ কমিটির সভাপতি বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুবউদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বিরোধী দল জামায়াতের এমপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশের সঙ্গে কমিটির সদস্যরা পূর্ণ ঐকমত্য পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সবার নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ হুবহু সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে। আইন পাসের পর সরকার প্রয়োজনে সংশোধন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ওপর পঁচা ডিম নিক্ষেপ

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩৩ অধ্যাদেশের মধ্যে প্রথম দিনের বৈঠকে ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে বাকি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে। আজ বুধবার দুপুর ২টায় আবারও বিশেষ কমিটির বৈঠক বসার কথা।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে গত ২৫ জানুয়ারি অধ্যাদেশটি জারি করেছিল অন্তর্বর্তী সরকার। ফলে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্ধারিত বিধান অনুসরণ করে প্রত্যাহারের সুযোগ তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা প্রয়োগের সুযোগও থাকবে না।

আরও পড়ুনঃ  এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ফের সুখবর

বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্য জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ গত ১৩ নভেম্বর জারি করা হয়। তৎকালীন সরকারের সময়ে জারি করা এই অধ্যাদেশও সংসদে হুবহু পাসের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। গণঅভ্যুত্থানের মুখে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।

এদিকে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য জারি করা অধ্যাদেশ নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের সদস্যরা এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন। এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। তাই এটা সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা ৩২ বছর রাখতে কমিটির সবাই একমত। গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ ও পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনা হবে বলে জানান রফিকুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেলেন যে তিনজন

সংবিধান এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা; এ দুটির মধ্যে বৈপরীত্য এলে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে– এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, তারা সংবিধান এবং জনআকাঙ্ক্ষা দুটোকে সমন্বয় করে এগিয়ে যেতে চান। সংবিধান অবশ্যই সবার চেয়ে এগিয়ে থাকে। অন্যদিকে অতীতে সংবিধান সংশোধনের কথা তুলে ধরে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খান বলেন, জুলাই চেতনা বাস্তবায়নে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে সেটা করব। এখানে তো কারও দ্বিমত থাকার কথা না।

বৈঠক শেষে কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, বৈঠকে অর্ধেকের কম সংখ্যক অধ্যাদেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু বিষয়ের ওপর দু-একজন সদস্যের কিছু মতামত আছে। সেগুলো পরের সভায় আলোচনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ