Monday, August 3, 2026

তেল না থাকায় প্রধানমন্ত্রীকে গালি, পাম্পমালিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ

আরও পড়ুন

তেলের সরবরাহ কমে যাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে গালি দেওয়ার অভিযোগ উঠেছে সারোয়ার জাহান সবুজ নামে রাজশাহীর একটি ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। আশরাফুলের দাবি, গত রোববার তাঁর সামনেই সবুজ বর্তমান প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। তবে ফিলিং স্টেশন মালিক সবুজ এ অভিযোগ অস্বীকার করছেন।

সবুজ রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় অবস্থিত মেসার্স গাঙ্গোপাড়া ফিলিং স্টেশনের মালিক।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

অভিযোগে কৃষক দল নেতা আশরাফুল জানান, গত রোববার সন্ধ্যায় তিনি, ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেন মোটরসাইকেলে তেল নিতে সবুজের পাম্পে যান। এ সময় পাম্পের মালিক সবুজ জানিয়ে দেন, তেল নেই। এ সময় তাঁরা যখন ফিরছিলেন, তখন বর্তমান প্রধানমন্ত্রীকে গালাগাল করেন সবুজ।

জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক সবুজ বলেন, ‘আমার বাবা নুরুল ইসলাম নরদাশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার রক্তে বিএনপি। আমি কোনো গালাগাল করিনি। তাঁরা এসে চারটি মোটরসাইকেলে ২০ লিটার তেল চান। সেটা তো দেওয়া সম্ভব না। আমি গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। কিন্তু তারা তেল না পেয়ে মিথ্যা কথা বলছেন।’ তিনি আরও বলেন, ‘এখন তারা আমাকে এভাবে প্যারা দিচ্ছে যাতে কিছু টাকাপয়সা আদায় করা যায়। আসলেই আমি গালিগালাজ করিনি। গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। এর ভিডিও আছে।’

আরও পড়ুনঃ  ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

কৃষক দল নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা তো একটা মোটরসাইকেলেই তিনজন ছিলাম। একটা গাড়িতে ২০ লিটার তেল ধরে না। টাকা দাবি করারও প্রশ্নই ওঠে না। পাম্পের মালিক মিথ্যা বলছেন।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘পাম্পমালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। এটা ধর্তব্য অপরাধ না। সে কারণে আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি প্রাথমিক তদন্তও চলছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ