Saturday, March 28, 2026

রীতি ভেঙে মুজতাবা খামেনির এক্স অ্যাকাউন্টে নীল টিক

আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ব্লুটিক বা প্রিমিয়াম সুবিধা পেলেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।

অথচ ইলন মাস্কের মালিকানাধীন এ কোম্পানিটির রীতি অনুসারে, মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এমন সুবিধা দেওয়ার কথা নয় বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এর আগে, গেল বছরের মার্চে ‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’ বা টিটিপি খামেনির ফারসি ভাষার অ্যাকাউন্টের ভেরিফায়েড স্ট্যাটাস বা ব্লুটিক নিয়ে প্রশ্ন তোলার পর তা সরিয়ে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বর্তমানে খামেনির ইংরেজি প্রোফাইলটিতে অনুসারীর সংখ্যা তার ফারসি অ্যাকাউন্টের চেয়েও বেশি, প্রায় ১ লাখ ৭৫ হাজার। এ অ্যাকাউন্টটি বর্তমান মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ সংক্রান্ত পোস্ট প্রচার করতে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুনঃ  ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

এ প্রোফাইলের তথ্য অনুসারে, অ্যাকাউন্টটি ইরান থেকে পরিচালিত হচ্ছে এবং তা খোলা হয়েছে চলতি বছরের মার্চে।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় নাম থাকায় খামেনির বিভিন্ন এক্স প্রোফাইল নিয়ে কড়া নজরদারি চলছে।

এ নিষেধাজ্ঞা অনুসারে, কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সঙ্গে কোনো প্রকার লেনদেন করতে পারবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ২৮ ফেব্রুয়ারি এক মার্কিন হামলায় তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মুজতাবা খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন।

এক্সের ব্লুটিক বা ভেরিফিকেশন সুবিধাটি কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্যই সংরক্ষিত। এ সুবিধা থাকলে বড় পোস্ট লেখা, দীর্ঘ ভিডিও আপলোড করা ও বিজ্ঞাপনের লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকে।

আরও পড়ুনঃ  উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ

কোম্পানির নীতিমালায় স্পষ্ট বলা আছে, “যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো ব্যক্তি এক্স প্রিমিয়াম কিনতে পারবেন না।”

তবে এই নিয়ম বাস্তবে কীভাবে কার্যকর করা হয় সেটি এখনও স্পষ্ট নয়।

সাধারণত সরকারি কর্মকর্তাদের জন্য এক্স বিনামূল্যে ধূসর রঙের চেকমার্ক দিয়ে থাকে, যা আগে আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাকাউন্টেও ব্যবহৃত হত।

তবে ১২ ফেব্রুয়ারি ‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’ বা টিটিপি’র এক প্রতিবেদনে দেখা যায়, ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা, সংস্থা ও সরকারি সংবাদমাধ্যমের অ্যাকাউন্টে ব্লুটিক রয়েছে। মানে তারা এক্সের প্রিমিয়াম সেবার গ্রাহক বা অর্থ দিয়ে এই সুবিধা নিয়েছেন।

আরও পড়ুনঃ  মসজিদে ঢুকে নামাজরত শিবির নেতাকে পিটিয়ে জখম

“যেহেতু এক্সের প্রিমিয়াম সেবা পেতে হলে অর্থ দিতে হয় ফলে সম্ভবত কোম্পানিটি ইরানের এসব ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে অর্থ নিয়েছে, যা মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্ভাব্য লঙ্ঘন।”

মাস্কের মালিকানাধীন মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর অধীনে রয়েছে এক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই।

মুজতাবা খামেনির এ ব্লুটিকের বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মাস্কের কোনো কোম্পানিই।

এদিকে, ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। সংস্থাটিও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ